কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামে এক যুবককে বিদেশি পিস্তল, রামদা ও ককটেলসহ আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রকি হোসেন ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটকের পর স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দারা জানান, সিরাজনগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবী ও মাদক কারবারিদের তৎপরতা নিয়ে ক্ষোভ রয়েছে। এর প্রতিবাদে শুক্রবার রাতে এলাকাবাসী মাদকবিরোধী বিক্ষোভ মিছিলও করেন। তাদের অভিযোগ, শনিবার রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে কয়েকজনের মাদক সেবন ও বিক্রির খবর পেয়ে স্থানীয়রা সেখানে গেলে রকি হোসেনসহ কয়েকজন আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়েন। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে দাবি স্থানীয়দের। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে রকি হোসেনকে আটক করা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি আহত হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে আহত অবস্থায় রকি হোসেনকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি ককটেল উদ্ধার করা হয়। ওসি বলেন, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করছে।