
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন তিনি। এর আগে জোহেইরি মোলা ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ নির্বাচিত হয়েছিলেন। সেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদে বিশ্বমঞ্চে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
ফ্যাশন ও মডেলিংয়ের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও পরিচিত জোহেইরি। ফাইনাল পর্বে গতবারের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। মিস ওয়ার্ল্ডের দায়িত্বের অংশ হিসেবে এখন আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি। পাশাপাশি বিশ্বজুড়ে পরিচালিত ‘বিউটি উইথ আ পারপাস’ কর্মসূচির প্রচার ও বিভিন্ন সামাজিক উদ্যোগে প্রতিনিধিত্ব করার কথা রয়েছে নতুন এই বিশ্বসুন্দরীর।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি। এদিকে বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ ‘বিউটি উইথ আ পারপাস’ পর্বে নিজ মহাদেশের প্রাথমিক সেরা ছয়ে জায়গা করে নিলেও চূড়ান্ত পর্বে সেরা ৪০-এ স্থান পাননি। ফলে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধির মূল পর্বের যাত্রা সেখানেই শেষ হয়।