September 7, 2026, 8:13 pm

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল- নূর

ইসমাইল হোসেন

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া প্রায় ৪ হাজার বাংলাদেশির বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ভিসা বাতিলের ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অবগত রয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত রয়েছে। ভুক্তভোগীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে। তিনি জানান, ভিসা বাতিলের কারণ ও এর পরবর্তী করণীয় নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ও দেশটিতে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ভিসা বাতিল হওয়া ব্যক্তিদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ, কোন ধরনের ভিসা এবং কতদিনের মধ্যে সমস্যার সমাধান হতে পারে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য তিনি জানাননি। সরকারের চলমান উদ্যোগের মাধ্যমে ভুক্তভোগী বাংলাদেশিদের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার