September 9, 2026, 10:16 am

বাঁধনের ওপর হামলায় আ. লীগ কর্মীদের কড়া বার্তা

মোঃ ইসমাইল হোসেন

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মীর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। হামলার ঘটনা নিজেরাই প্রচার করে এর প্রমাণ রেখে দেওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি তাদের সতর্ক করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিজেদের কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে দেশে ফেরার সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
পোস্টে আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ড দেখে তিনি বিস্মিত। অভিনেত্রী বাঁধনের ওপর এভাবে হামলা করা এবং পরে নিজেরাই তা ব্যাপকভাবে প্রচার করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ নিজেরাই রেখে দেওয়ায় ভবিষ্যতে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, দলীয় নেতাদের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে তারা নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলছেন কি না।
আসিফ নজরুল আওয়ামী লীগের কর্মীদের নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দলকে ভালোবাসলে নিয়মতান্ত্রিকভাবে বিদেশে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যেতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্তরের মানুষ কেন জীবন বিপন্ন করে রুখে দাঁড়িয়েছিল, সেটিও গোপনে হলেও বোঝার চেষ্টা করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দলের নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার আহ্বান জানান। পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, দুই বছর আগে জেনেভায় তার বিরুদ্ধে মব করার ঘটনার পর ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা নেননি। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগের কিছু কর্মী আরও বেপরোয়া ও উসকানিমূলক আচরণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার