September 9, 2026, 10:03 am

সম্পর্কের টানাপোড়েনে কঠিন সময়ের কথা জানালেন শ্রাবন্তী

অভয়নগর প্রতিবেদক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। একাধিক সম্পর্ক ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্যের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি নিজের জীবনের কঠিন সময় ও মানসিক টানাপোড়েন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, সম্পর্কের ক্ষেত্রে বারবার আঘাত পাওয়ায় একসময় তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন। তবে সেই কঠিন সময় পেরিয়ে তিনি নিজের জীবন, ভবিষ্যৎ ও সিদ্ধান্ত নিয়ে নতুনভাবে ভাবতে শেখেন। তাঁর কথায়, একটি ভুল সিদ্ধান্ত বা সম্পর্কের ব্যর্থতার কারণে জীবনের অন্য সম্ভাবনাগুলোকে শেষ হয়ে গেছে বলে মনে করা উচিত নয়।

শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। সে সময় তিনি ছিলেন অল্পবয়সী। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির একমাত্র সন্তান অভিমন্যু, যিনি ঝিনুক নামেও পরিচিত। বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গেই থাকছেন। প্রথম বিয়ের বিচ্ছেদের বছরই মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় এক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তী সময়ে ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। শুরুতে বিষয়টি অনেকটা ব্যক্তিগত রাখলেও কয়েক মাসের মধ্যেই দুজন আলাদা থাকতে শুরু করেন।

রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর বিচ্ছেদ ঘিরেও দীর্ঘ সময় ধরে নানা আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের এপ্রিলে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়। ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বুঝিয়েছেন, সম্পর্কের ব্যর্থতা মানুষের জীবনের শেষ কথা নয়। বরং কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনায় থাকা এই অভিনেত্রী বর্তমানে নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়ার বার্তা দিয়েছেন। তাঁর সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে ভক্ত ও অনুসারীদের মধ্যেও।



ফেসবুক কর্নার