September 9, 2026, 9:37 am

বাঁধনের ওপর হামলায় পাঁচজনের পরিচয় শনাক্ত

অভয়নগর প্রতিবেদক

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করার দাবি করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্যে বাংলাফ্যাক্ট জানায়, হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদের সবাই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে অনুসন্ধানে শনাক্ত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে শনাক্ত ব্যক্তিদের নাম ও বিস্তারিত পরিচয় প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বাংলাফ্যাক্টের তথ্যমতে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইতালিতে বাঁধনকে হেনস্তা ও হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে ভাইয়ের সঙ্গে রাস্তায় বের হলে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের দ্বারা তিনি হামলা ও হেনস্তার শিকার হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয় এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় বাঁধন শিক্ষার্থীদের দাবির পক্ষে এবং তৎকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাফ্যাক্ট জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার, আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি নিয়ে নানা ধরনের অপতথ্য ছড়ানোর বিষয় শনাক্ত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। পিআইবির এই ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত বিভিন্ন দাবি ও তথ্য যাচাই করে থাকে। বাংলাফ্যাক্টের দাবি অনুযায়ী, ইন্টারনেটে ছড়িয়ে পড়া বহু ভুল তথ্য শনাক্ত করে সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণাও করে প্রতিষ্ঠানটি।



ফেসবুক কর্নার