September 10, 2026, 2:53 pm

ইবাদত ও ধর্মীয় আয়োজনে পপির জন্মদিন উদযাপন

অভয়নগর প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির জন্মদিন এবার ভিন্ন আবহে উদযাপিত হয়েছে। চলচ্চিত্রের ঝলমলে আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বিশেষ দিনটি পালন করেছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরেই নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জানান পপি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। পারিবারিক আয়োজনে মোট আটটি কেক কাটা হয়। একই সঙ্গে তার জন্মদিন উপলক্ষে মসজিদে মিলাদ এবং একটি এতিমখানায় কোরআন খতমের আয়োজন করা হয়। ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন শুরু করতে পেরে নিজের অনুভূতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে একটি গণমাধ্যমকে পপি বলেন, রাত ১২টায় নামাজ পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি শুরু করতে পেরে ভালো লেগেছে বলেও জানান। বিশেষ এ দিনে প্রয়াত বাবার কথাও গভীরভাবে মনে পড়েছে পপির। তিনি জানান, জন্মদিনে বাবাকে খুব মিস করছেন। একই সঙ্গে জন্মদিনে শুভেচ্ছা জানানো চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, বন্ধু, দর্শক-ভক্ত ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই আড়ালে রয়েছেন পপি। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমের উপস্থিতিতেও তাকে আগের মতো দেখা যায় না। দীর্ঘ বিরতির পর জন্মদিন উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করায় আবারও আলোচনায় এসেছেন তিনি। পপির পুরো নাম সাদিকা পারভীন পপি। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্ম তার। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে পরিচিতি পান তিনি। ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘আমার ঘর আমার বেহেশত’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে ‘কুলি’ ছিল তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের পর ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন পপি। কর্মজীবনে মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি।



ফেসবুক কর্নার