September 10, 2026, 4:25 pm

বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে বিতর্কে তিথি বসু

অভয়নগর প্রতিবেদক

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানো ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির পাশে দাঁড়িয়ে এবার সমালোচনার মুখে পড়েছেন ‘ঝিলিক’খ্যাত অভিনেত্রী তিথি বসু। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজিতের বক্তব্য নিয়ে নানা কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রূপ ও সম্পাদিত ছবি ছড়িয়ে পড়ার মধ্যেই তার সমর্থনে কথা বলেন তিথি। এমনকি বিশ্বজিতের গলায় জুতার মালা পরানো একটি সম্পাদিত ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশে আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ। বিশেষ করে গরুর মাংস ও ইলিশের বিভিন্ন পদের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান তিনি। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। এমন পরিস্থিতিতে বিশ্বজিতের পক্ষে কথা বলেন তিথি। তিনি বলেন, বিশ্বজিৎ একজন জ্যেষ্ঠ অভিনেতা এবং মানুষ হিসেবেও অসাধারণ। নিজের সততা থেকেই তিনি সত্য কথা বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি প্রত্যেকের ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
তিথি আরও দাবি করেন, চলচ্চিত্র ও ধারাবাহিক জগতের অনেকেই প্রকাশ্যে কিংবা আড়ালে গরুর মাংস খান। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, তাদের ধারাবাহিকেও এমন ব্রাহ্মণ শিল্পী ও অভিনেতা ছিলেন, যারা সেটে বসে গরুর মাংস নিয়ে আলোচনা করতেন। কলকাতার পরিচিত বিভিন্ন স্থানেও অনেক হিন্দু মানুষ গরুর মাংস খেতে যেতেন বলে দাবি করেন তিনি। তিথির মতে, কে কোন ধর্মের এবং কে কী খাবেন, তা ব্যক্তিগত বিষয়; নিজের খাদ্যাভ্যাস অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তবে বিশ্বজিতের পক্ষে এমন বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিথিকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। কেউ তার খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ এমন বিষয়ে তার মন্তব্য না করাই উচিত ছিল বলে মন্তব্য করেছেন



ফেসবুক কর্নার