September 11, 2026, 10:35 am

ভেনিস বিমানবন্দরে সুনেরাহর চমকপ্রদ অভিজ্ঞতা

অভয়নগর প্রতিবেদক

প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। গত ৫ আগস্ট উৎসবে অংশ নিতে ইতালির ভেনিস বিমানবন্দরে পৌঁছান সুনেরাহ্। পরদিন ছিল সিনেমাটির প্রিমিয়ার। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে বিমানবন্দরে বসে কফি ও খাবার খাওয়ার পর বিল দিতে গেলে ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সুনেরাহ্ জানান, বিল দিতে গেলে তাঁকে বলা হয়, বিল নেওয়া হবে না। পরে জানতে পারেন, সেখানে কর্মরত একজন তাঁকে চিনতে পেরেছেন এবং তিনি বাংলাদেশি। সুনেরাহর অভিনীত নাটক ও সিনেমা দেখেছেন জানিয়ে ওই ব্যক্তি তাঁকে সম্মান জানাতে বিলটি নিতে চাননি। এ ঘটনায় অভিনেত্রী বিস্মিত ও অভিভূত হন এবং নিজেকে সম্মানিত বোধ করেন বলে জানান।

বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি ভেনিসে দেশের সংস্কৃতিকেও উপস্থাপন করতে চেয়েছেন সুনেরাহ্। সে ভাবনা থেকেই উৎসবে তাঁর পোশাকের নকশায় রাখা হয়েছিল দেশীয় ছোঁয়া, যা বিদেশের মাটিতে প্রশংসাও কুড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। মর্যাদাপূর্ণ অরিজোন্তি বিভাগে ৬ সেপ্টেম্বর প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর। বিয়ে, সাজসজ্জা ও একটি বিউটি পারলারকে কেন্দ্র করে নির্মিত মনস্তাত্ত্বিক হরর ঘরানার সিনেমাটিতে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে একটি অস্বস্তিকর ও রহস্যময় জগতের গল্প তুলে ধরা হয়েছে।

প্রিমিয়ারের পর নিজের অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ্ বলেন, সিনেমায় তাঁর উপস্থিতির সময় তুলনামূলক কম হলেও অনেক দর্শক তাঁর চরিত্রটি মনে রেখেছেন। প্রিমিয়ারের পর দর্শকদের কেউ কেউ তাঁকে সেই চরিত্রের কথা উল্লেখ করে ডাকছেন, যা তাঁকে বেশ অবাক করেছে। সমাপনী দিনে ১২ সেপ্টেম্বর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শেষ আয়োজনেও উপস্থিত থাকবেন সুনেরাহ্। এরপর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম চৌধুরী। আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।



ফেসবুক কর্নার