September 11, 2026, 4:10 pm

অপমান থেকেই নাচে বদলে যান ক্যাটরিনা

অভয়নগর প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় নাচের গানগুলোর সঙ্গে ক্যাটরিনা কইফের নাম দীর্ঘদিন ধরেই জড়িয়ে আছে। ‘শীলা কী জওয়ানী’, ‘চিকনী চামেলী’ ও ‘কালা চশমা’র মতো গানে তাঁর নাচ দর্শকের নজর কেড়েছে। অথচ ক্যারিয়ারের শুরুর দিকে নাচ নিয়েই কটাক্ষ ও অপমানের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি কোরিওগ্রাফার বস্কো মার্টিসের পডকাস্টে অতিথি হয়ে কোরিওগ্রাফার ফারাহ খান ক্যাটরিনার নাচের ক্যারিয়ারের শুরুর দিকের নানা ঘটনা তুলে ধরেন। ফারাহ জানান, ‘শীলা কী জওয়ানী’ তাঁর কোরিওগ্রাফ করা গানগুলোর মধ্যে সবচেয়ে কম খরচে তৈরি হয়েছিল। মাত্র ১০ জন ছেলে ও ক্যাটরিনাকে নিয়ে গানটির শুটিং করা হয়েছিল।
পডকাস্টে বস্কো মার্টিস বলেন, ‘শীলা কী জওয়ানী’ ক্যাটরিনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ফারাহ জানান, ওই সময় তাঁরা জানতেন না যে ক্যাটরিনা ভালো নাচতে পারেন। ‘টাচ মি’ গানে কাজ করলেও তখন তিনি নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ছিলেন না। ক্যাটরিনার জন্য ফারাহর কোরিওগ্রাফ করা প্রথম গান ছিল ‘জাস্ট চিল’। এরপর বস্কো ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরে জানান, প্রচণ্ড পরিশ্রমের পরও এক কোরিওগ্রাফার ক্যাটরিনাকে বলেছিলেন, “নাচে তুমি শূন্য। তোমার এ সব ছেড়ে দেওয়া উচিত।” বস্কোর মতে, ওই মন্তব্য ক্যাটরিনার মধ্যে নিজেকে প্রমাণ করার জেদ তৈরি করেছিল। ফারাহ বলেন, ক্যাটরিনা শূন্য ছিলেন না; বরং ‘শীলা কী জওয়ানী’র পর নাচে তাঁর দক্ষতা অনেক বেড়ে যায়।
ক্যাটরিনাও আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুতে তাঁকে নাচতে না পারার কথা বলা হয়েছিল। ওই মন্তব্য তাঁর আত্মবিশ্বাসে প্রভাব ফেললেও পরে বস্কো তাঁকে উৎসাহ দিয়ে জানান, তিনি ভালো নাচেন এবং আরও অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করতে পারেন। সেই পরামর্শে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান অভিনেত্রী। উল্লেখ্য, ‘রেস’ ছবির ‘টাচ মি’ গানে ক্যাটরিনার সঙ্গে কাজ করেছিলেন বস্কো। বর্তমানে বড়পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন অভিনেত্রী। তাঁর সর্বশেষ সিনেমা ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পায় ২০২৪ সালে। বিজয় সেতুপতির সঙ্গে অভিনীত ছবিটি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য না পেলেও ওটিটিতে দর্শকের প্রশংসা পেয়েছে।



ফেসবুক কর্নার