September 12, 2026, 4:37 am

কঠিন সময়ে ইতালি সরকারের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞ বাঁধন

অভয়নগর প্রতিবেদক

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়ার পর কঠিন সময়ে পাশে দাঁড়ানো ইতালি সরকার ও উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লুসিয়া বোরগনজোনির সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। সাক্ষাতের অনুভূতি জানিয়ে বাঁধন বলেন, কঠিন সময়ে ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও আন্তরিকতা পেয়েছেন, তা তার কাছে অত্যন্ত অর্থবহ। একই পোস্টে তিনি উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেন। পাশাপাশি জানান, ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ তার থাকার ব্যবস্থার দায়িত্ব নিয়েছে। বাঁধনের ভাষ্য, যখন নিজের কিছু মানুষ তাকে আপন করে নিতে চায়নি, তখন উৎসব ও ইতালি সরকার আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে।
আরেকটি পোস্টে নিজের বর্তমান পরিস্থিতি ও জীবনবোধ নিয়ে কথা বলেন বাঁধন। তিনি বলেন, আল্লাহ মানুষের জন্য কী পরিকল্পনা করে রেখেছেন, তা আগে থেকে জানা সম্ভব নয়। জীবনের এই অভিজ্ঞতাকে তিনি এক ধরনের অদ্ভুত পরিহাস হিসেবে উল্লেখ করে বলেন, একটি দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ অপ্রত্যাশিত জায়গায় আরেকটি দরজা খুলে দিতে পারেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ জানিয়ে তিনি বলেন, আগের চেয়ে এখন তিনি আল্লাহর পরিকল্পনার ওপর আরও বেশি আস্থা রাখেন। এর আগে বৃহস্পতিবারের এক পোস্টেও অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং কাছের মানুষদের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার অনুভূতির কথা জানিয়েছিলেন অভিনেত্রী। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে আওয়ামী লীগ সমর্থক হিসেবে বর্ণিত কয়েকজন ব্যক্তির হামলা ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি। ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় দেশে ও বিদেশে বিভিন্ন মহল নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার প্রতি সমর্থন প্রকাশ করে। পরে ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং উৎসব কর্তৃপক্ষের থাকার ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানিয়ে বাঁধন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার