
নব্বইয়ের দশকের স্মৃতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রেন্ড চলছে। এমন সময় কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তা ছাড়াই নিজের ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নব্বই দশকের আবহে সাজিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ছেলের চুলের ছাঁটে পরিবর্তন এনে তাকে সেই সময়ের নায়কদের আদলে তুলে ধরেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পূণ্যের তিনটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’, যার অর্থ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’। ছবিতে নীল রঙের টি-শার্ট ও লম্বাটে ছাঁটের চুলে দেখা গেছে পূণ্যকে।
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান অনুরাগীরা। পূণ্যের নতুন লুক দেখে অনেকেই প্রশংসা করেছেন। কেউ তার ভবিষ্যৎ জনপ্রিয়তার কথা উল্লেখ করেছেন, আবার কেউ তাকে ‘কিউট’ বলে মন্তব্য করেছেন। অনেকেই পূণ্যের চেহারায় তার বাবার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। পরীমনির প্রকাশ করা ছবিগুলো ঘিরে মন্তব্যের ঘরে ভক্তদের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। নব্বই দশকের নায়কসুলভ চুলের ছাঁট ও পোশাকের সমন্বয়ে পূণ্যের এই নতুন সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পরীমনির ক্যাপশনও ছবিগুলোর প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নিয়ে পরীমনি ব্যস্ত সময় পার করছেন। পরবর্তীতে একটি কন্যাশিশুকে দত্তক নিয়ে তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সংসার ও ক্যারিয়ার সামলাচ্ছেন এই অভিনেত্রী। কয়েক দিন আগে তার কোলে একটি নবজাতককে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। ওই শিশুটিকেও তিনি দত্তক নিয়েছেন বলে অনেকে ধারণা করছেন। তবে এ বিষয়ে পরীমনির পক্ষ থেকে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। সন্তানদের নিয়ে বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে থাকেন অভিনেত্রী।