September 14, 2026, 4:51 am

আমাকে টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি

অভয়নগর প্রতিবেদক

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘ অভিনয়জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন। ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়। প্রথম সিনেমাতেই সাফল্য পাওয়ার পর দ্রুতই চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় সব শুটিং স্পটে পপির সঙ্গে তাঁর মা থাকতেন। তবে সাম্প্রতিক সময়ে মায়ের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। একই সঙ্গে পপির বিরুদ্ধে তাঁর মায়ের নানা অভিযোগও সামনে আসে।
এর মধ্যেই নিজের পারিবারিক জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন পপি। গণমাধ্যমে তিনি তাঁর সৎমায়ের কথা উল্লেখ করে বলেন, সৎমা কখনো আপন হয় না। চলচ্চিত্রে আসার ক্ষেত্রে যাঁর ভূমিকা ছিল, তাঁকেই সৎমা হিসেবে পরিচয় দেন অভিনেত্রী। পপি বলেন, প্রায় ৩০ বছর ধরে তিনি অনেক কষ্ট করেছেন, কিন্তু তাঁর কষ্ট কেউ উপলব্ধি করেনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি অভিযোগ করেন, তাঁকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁদের চাহিদার কোনো শেষ ছিল না এবং যত পেয়েছেন, ততই চাহিদা বেড়েছে।
পপি আরও বলেন, সৎমায়ের সংসার থেকে তিনি যে পরিমাণ আঘাত পেয়েছেন, সেই ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাঁর ভাষ্য, দীর্ঘদিনের এসব অভিজ্ঞতা তাঁর ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছে। এদিকে চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে পপি একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। বর্তমানে তিনি স্বামী ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পারিবারিক সম্পর্ক ও অতীতের অভিজ্ঞতা নিয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্যের পর বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



ফেসবুক কর্নার