September 14, 2026, 5:26 am

ঐশ্বরিয়ার নিজের টাকায় গাড়ি কেনা নিয়ে ট্রোল

অভয়নগর প্রতিবেদক

নিজের উপার্জনের অর্থে কেনা বিলাসবহুল গাড়ি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের মুখে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। রেঞ্জ রোভার ইভোক কীভাবে কিনলেন—এমন প্রশ্নের মুখোমুখি হওয়ার পর সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। সম্প্রতি ‘আশা’ সিনেমার প্রচারণায় সঞ্চালক রঞ্জিনী হরিদাসের সঙ্গে কথোপকথনে জীবনের কঠিন এক সময়ের স্মৃতিচারণ করেন অভিনেত্রী। তিনি জানান, সম্পর্কের টানাপোড়েন ও ব্রেকআপের পর নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সময় ২০২৪ সালে নিজের কষ্টার্জিত অর্থে গাড়িটি কেনার সিদ্ধান্ত নেন। ওই সময় কিছু প্রজেক্ট থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি এবং বিষয়টি কেবল ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু জানতেন বলে উল্লেখ করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া বলেন, কঠিন সময় পার করার মধ্যে নিজেকে বিশেষ একটি উপহার দিতে চেয়েছিলেন তিনি। সেই ভাবনা থেকেই ট্রাইবেকা ব্লু রঙের একটি রেঞ্জ রোভার ইভোক কেনেন। ভালোবাসা দিবসকে নিজের জন্য বিশেষ করে তুলতে ১৪ ফেব্রুয়ারি গাড়িটির ডেলিভারি নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়ি কেনার ছবি প্রকাশের পরই শুরু হয় নানা প্রশ্ন ও ট্রোলিং। অনেকে জানতে চান, এত দামি গাড়ি তিনি কীভাবে কিনলেন; কেউ কেউ গাড়িটি উপহার পেয়েছেন কি না, সেই প্রশ্নও তোলেন। অভিনেত্রী জানান, শুটিং সেটেও তাঁকে সরাসরি এমন প্রশ্ন করা হয়েছিল। এতে তিনি অবাক হন এবং নিজের উপার্জনে কেনা গাড়ি নিয়ে এমন প্রশ্নকে অস্বাভাবিক বলে মনে করেন।
ঐশ্বরিয়ার ভাষ্য, নেতিবাচক মন্তব্য তাঁকে প্রভাবিত করেনি; বরং নিজের উপার্জনের অর্থে গাড়ি কেনাকে তিনি ব্যক্তিগত সাফল্য হিসেবেই দেখেছেন। এর আগে ২০২৩ সালে ‘কিং অব কোঠা’ সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না করায় ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। একই সময়ে ব্যক্তিগত জীবনেও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। সেই পরিস্থিতি কাটিয়ে নিজের জন্য রেঞ্জ রোভার ইভোক কেনার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। প্রতিবেদনে বলা হয়েছে, কোচিনের রাস্তায় গাড়িটির আনুমানিক অন-রোড দাম প্রায় ৮২ দশমিক ৭৮ লাখ রুপি। এছাড়া তাঁর মালিকানায় মার্সিডিজ-বেঞ্জ জিএলসি ২২০ডি রয়েছে, যার আনুমানিক দাম প্রায় ৯৮ দশমিক ১৭ লাখ রুপি।



ফেসবুক কর্নার