September 17, 2026, 9:42 am

পুরোনো ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ করলেন লিসা

অভয়নগর প্রতিবেদক

এক দশকের বেশি পুরোনো একটি ভিডিওতে ব্যবহৃত বিতর্কিত শব্দচয়ন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরীয় জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা। নতুন তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’য় বিষয়টি উঠে এসেছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ারের পর মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন এই সংগীতশিল্পী। লিসা জানান, ওই শব্দের অর্থ এবং এর বর্ণবাদী ইতিহাস সম্পর্কে তখন তিনি জানতেন না। থাইল্যান্ডে বেড়ে ওঠায় এ বিষয়ে তার কোনো শিক্ষা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

লিসা বলেন, বিষয়টি জানার পর তিনি এ সম্পর্কে শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতে এমন কিছু আর করবেন না। তার ভাষায়, ‘আমি আর কখনো এমন করব না। এটা ঠিক হয়নি।’ ভিডিওগুলো এক দশকের বেশি পুরোনো। সে সময় লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা কিশোরী ছিলেন এবং অন্য শিল্পীদের গান অনুশীলন করছিলেন। ওই গানগুলোর কথায় বিতর্কিত বর্ণবাদী শব্দ থাকায় পরবর্তী সময়ে ভিডিওগুলো নিয়ে সমালোচনা তৈরি হয়। ২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

তথ্যচিত্রে বলা হয়েছে, বিতর্কের সময় লিসাকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে তার প্রতিষ্ঠান নিষেধ করেছিল। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, বিষয়টি তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছিল, কারণ তিনি তখন নিজের পরিবেশনায় মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি মোকাবিলা করে তিনি এগিয়ে যান। গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অলওয়েজ লালিসা’র প্রিমিয়ার হয়। তথ্যচিত্রটিতে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় লিসার একক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তির পর এটি ইউটিউব প্রিমিয়ামেও দেখা যাবে।



ফেসবুক কর্নার