September 18, 2026, 2:16 pm

প্রথম জুটিতেই তৌসিফ-সাদনিমার বাজিমাত, ৭০ লাখ ভিউ

অভয়নগর প্রতিবেদক

এক যুগেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের বিভিন্ন নাটক উপহার দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় অভিনেত্রীদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নতুন মুখের সঙ্গেও নিয়মিত কাজ করছেন তিনি। এবার নতুন জুটি হিসেবে সাদনিমা বিনতে নোমানের সঙ্গে পর্দায় হাজির হয়েছেন তৌসিফ। আর প্রথম নাটকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এই জুটি। সম্প্রতি রুবেল হাসান পরিচালিত ‘আপন পর’ নাটকটি অন্তর্জালে মুক্তি পায়। ইউটিউবে প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যায়।
প্রকাশের প্রথম দিনেই নাটকটি ৫৮ লাখের বেশি দর্শক দেখেছেন বলে জানা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দিনে নাটকটির দর্শকসংখ্যা প্রায় ৭০ লাখে পৌঁছেছে। ইউটিউবের হিসাবে, দুই দিনে নাটকটি ৬৯ লাখ ৮৬ হাজারের বেশি দর্শক দেখেছেন। একই সময়ে নাটকটিতে ৬৮ হাজারের বেশি লাইক এবং প্রায় তিন হাজার মন্তব্য জমা পড়েছে। দর্শকদের একটি বড় অংশ তৌসিফ ও সাদনিমার অভিনয় এবং নতুন জুটি হিসেবে তাদের পর্দার উপস্থিতির প্রশংসা করেছেন। মন্তব্যের ঘরে একজন দর্শক তৌসিফের আবেগঘন অভিনয়ের প্রশংসা করে তাঁর বাবা-মায়ের কবরের পাশে কান্নার দৃশ্যের কথা উল্লেখ করেছেন। অন্য একজন লিখেছেন, তৌসিফ ও সাদনিমাকে জুটি হিসেবে বেশ মানিয়েছে।
নাটকটির আবেগঘন গল্পও দর্শকদের অনেকের মন ছুঁয়ে গেছে। দর্শকদের মন্তব্যে মায়ের ভালোবাসা ও পারিবারিক সম্পর্কের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। একজন দর্শক নাটকটি দেখে আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন। অন্য একজন মন্তব্য করেছেন, মায়ের ভালোবাসা পাওয়ার জন্য সন্তানের ত্যাগের বিষয়টি নাটকটিতে তুলে ধরা হয়েছে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নির্মিত ‘আপন পর’ নাটকে তৌসিফ মাহবুব ও সাদনিমা বিনতে নোমান ছাড়াও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, সাকিবা বিনতে আলীসহ আরও অনেকে। প্রথমবারের জুটিতে নাটকটির এমন সাড়া তৌসিফ-সাদনিমাকে নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।



ফেসবুক কর্নার