September 19, 2026, 10:15 am

শিশু হত্যা মামলায় প্রধান আসামির বাড়িতে ভাঙচুর

মাফরুদুর রহমান মুরাদ, জেলা প্রতিনিধি, পাবনা:

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে প্রধান অভিযুক্তের বহুতল বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কামরুন্নাহার কলি নামের তৃতীয় শ্রেণির ওই শিশুশিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি পুকুর বা ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত স্থানীয় মুদি দোকানদার মো. মোস্তফা কামাল (৫৫) এবং তার সহযোগী ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা শিশুটিকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে। পরে অপরাধ আড়াল করতে মরদেহ বস্তায় ভরে ডোবায় ফেলে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। এমনকি শিশুটিকে খোঁজার সময়ও তারা স্বাভাবিক থাকার ভান করেছিলেন বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি। আসামিদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
শুক্রবার জুমার নামাজ শেষে শত শত এলাকাবাসী মিছিল নিয়ে প্রধান আসামি মোস্তফা কামালের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাড়ির দেয়াল, দরজা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর করা হয়। পাবনা সদর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও বিপুলসংখ্যক মানুষের ক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ আগেই বাড়ির পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় এবং কিছু মালামাল সংরক্ষণ করে। মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মানবাধিকারকর্মীরা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছেন



ফেসবুক কর্নার