September 19, 2026, 9:24 am

যাত্রাবাড়ী মহাখালী আগারগাঁওয়ে পৃথক হাতবোমা বিস্ফোরণ

ইসমাইল হোসেন

রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাত্রাবাড়ী থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার ফটকের সামনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি হাতবোমা নিচে ফেলে দেওয়া হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ ওপর থেকে ককটেল নিচে ফেলেছে। এ ঘটনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সেখানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পৃথক তিনটি ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখছেন।

এদিকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কেও দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর একাধিক স্থানে একই দিনে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এসব ঘটনার সঙ্গে কারা জড়িত বা কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে এবং বিস্ফোরণের প্রকৃতি, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



ফেসবুক কর্নার