September 19, 2026, 9:23 am

ব্যালন ডি’অর নিয়ে ৭৩ গোলের কথা বললেন হ্যারি কেইন

অভয়নগর প্রতিবেদক

ব্যালন ডি’অরের এবারের আলোচনায় কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালের নাম ঘিরে যখন তর্ক-বিতর্ক চলছে, তখন নিজের গত মৌসুমের পারফরম্যান্সের পরিসংখ্যান সামনে এনেছেন ইংল্যান্ড অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যালন ডি’অরের মনোনয়ন নিয়ে প্রশ্নের জবাবে কেইন বলেন, বিষয়টি কিছুটা জটিল। নিজেকে নিয়ে বেশি কথা বলতে পছন্দ করেন না জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত ও দলগত উভয় দিক থেকেই গত মৌসুম তার জন্য অসাধারণ ছিল। তার ভাষায়, সেটি ছিল তার জীবনের সেরা মৌসুম।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে মোট ৭৩ গোল করেন কেইন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির ৮২ গোলের পর এক মৌসুমে এটি সর্বোচ্চ গোলের সংখ্যা। ইউরোপের বড় ঘরোয়া লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শুও জিতেছেন তিনি। নিজের ৭৩ গোলের প্রসঙ্গ তুলে কেইন বলেন, মেসির ৮২ গোলের পর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ গোল করার কৃতিত্বে তিনি গর্বিত। এই অর্জনে সহায়তা করা সতীর্থ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান ইংল্যান্ডের এই তারকা।

ব্যালন ডি’অর নিজের হাতে নেই উল্লেখ করে কেইন বলেন, পুরস্কারটি সম্পূর্ণ নির্ভর করছে ভোটারদের ওপর। তার মতে, গত মৌসুম এখন অতীত এবং বর্তমানে তিনি নতুন মৌসুমের দিকে মনোযোগ দিচ্ছেন। সামনে আরও কী অর্জন করা যায়, সেটিই এখন তার লক্ষ্য। একই সঙ্গে তিনি বলেন, অক্টোবর পর্যন্ত ব্যালন ডি’অর নিয়ে ব্যাপক আলোচনা হবে, কারণ এটি একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ফলে নিজের পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরলেও চূড়ান্ত সিদ্ধান্ত ভোটারদের ওপরই ছেড়ে দিয়েছেন বায়ার্নের এই ইংলিশ স্ট্রাইকার।



ফেসবুক কর্নার