
সন্তান জন্মের পর মায়েদের শরীরে নানা পরিবর্তন আসা স্বাভাবিক। তবে রূপালি পর্দার তারকাদের ক্ষেত্রে এই স্বাভাবিক পরিবর্তনও অনেক সময় সামাজিক মাধ্যমে সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে প্রকাশ্যে হাজির হয়ে এমনই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর তার ওজন ও চেহারায় পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হচ্ছে। বিষয়টি নিয়ে অভিনেত্রীর অনুরাগীদের অনেকে প্রতিবাদ জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন।
ক্যাটরিনার প্রতি এমন সমর্থনের মধ্যে এবার নীরবভাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকা হৃতিক রোশান। কন্টেন্ট ক্রিয়েটর হর্ষবীর জৈন সম্প্রতি ইনস্টাগ্রামে ক্যাটরিনার পক্ষে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ক্যাটরিনা একজন সফল মা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জনপ্রিয় তারকা। বয়সের সঙ্গে শারীরিক পরিবর্তন কিংবা মাতৃত্বের চিহ্ন কোনোভাবেই কারও ব্যর্থতার পরিচয় নয় বলেও তিনি মন্তব্য করেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান হৃতিক। তবে পোস্টে তিনি কোনো মন্তব্য করেননি।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘বাং ব্যাং’ সিনেমায় ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন হৃতিক রোশান। এদিকে, গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর বর্তমানে তিনি রূপালি পর্দার ব্যস্ততা থেকে কিছুটা দূরে রয়েছেন। মাতৃত্বের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সর্বশেষ ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে তাকে। মাতৃত্বের পর তার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছে, তার বিপরীতে অনুরাগীদের একটি অংশ ইতিবাচক বার্তা দিয়ে অভিনেত্রীর প্রতি সমর্থন জানাচ্ছেন।