September 19, 2026, 10:12 am

বিবাহবার্ষিকীতে পুরোনো স্মৃতি, আবেগঘন শবনম ফারিয়া

অভয়নগর প্রতিবেদক

প্রথম সংসারের তিক্ততা ও নানা টানাপোড়েন পেরিয়ে দ্বিতীয়বার নতুন ঘর বাঁধেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। তানজিম তৈয়বের সঙ্গে নতুন জীবনের সেই যাত্রার এক বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে নিজের অতীতের নানা অভিজ্ঞতা, মানসিক লড়াই ও বর্তমান সুখের কথা তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরে ঘরোয়াভাবে কেক কেটে বিশেষ মুহূর্ত উদযাপন করেন তারা। পরে সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিজের অনুভূতির কথা জানান ফারিয়া।
অতীতের ভুল সিদ্ধান্ত ও সামাজিক চাপের প্রসঙ্গ তুলে ফারিয়া জানান, জীবনে কিছু সিদ্ধান্তের কারণে তাকে দীর্ঘ সময় মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই কষ্ট সামলাতে কখনো সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন, আবার নিজেকে সামলে নিতে কাউন্সেলিং ও থেরাপিরও সহায়তা নিয়েছেন বলে জানান তিনি। অভিনেত্রীর ভাষ্য, জীবনের বেশ কয়েকটি বছর ভেতরে জমে থাকা কষ্ট ও আর্তনাদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেই কেটে গেছে। তবে বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন ফারিয়া। দ্বিতীয় বিয়েকে নিজের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করে স্বামী ও নতুন পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বিবাহবার্ষিকীর বার্তার শেষদিকে স্বামী তানজিম তৈয়বের জন্য মিষ্টি ও হাস্যরসাত্মক শুভেচ্ছাও জানিয়েছেন ফারিয়া। ঘরের বাতি, ফ্যান ও এসি বন্ধ করা এবং ফ্রিজের দরজা বন্ধ রাখার মতো বিষয় নিয়ে মজার ছলে স্বামীকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বকে বিয়ে করেন ফারিয়া। তানজিম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।



ফেসবুক কর্নার