September 24, 2026, 11:24 pm

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামব

আনোয়ার হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, সরকার কোনো ধরনের পূর্বাভাস না দিয়ে রাতের আঁধারে প্রেসনোটের মাধ্যমে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে। তাঁর দাবি, এর প্রভাব জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়বে, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারকে জ্বালানিতে ভর্তুকি দেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, গ্যাসের সংকটে মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষ বেকার হচ্ছে। সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ ভালো নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের কষ্ট লাঘব না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হবে। তিনি আরও বলেন, বিএনপিকে মানুষ বারবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তারা কথাও ভালো বলে, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না—এমন মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা করে বলেন, অপরাধ সংঘটিত হওয়ার আগে অপরাধীদের নিবৃত্ত করা যাচ্ছে না। আটক ব্যক্তিদের কেউ কেউ অর্থের বিনিময়ে জামিনে বেরিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, এর ফলে খুন, শিশু নির্যাতন ও শিশু হত্যার ঘটনা বেড়েছে। এ বিষয়েও সরকারকে সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে দলের নবগঠিত ১৫টি কেন্দ্রীয় উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।



ফেসবুক কর্নার