
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন, ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সাময়িক অর্থসহায়তায় রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। সম্মান ও নিরাপত্তার সঙ্গে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করাই এ সংকটের চূড়ান্ত সমাধান বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, রোহিঙ্গা সংকট একটি আন্তর্জাতিক বিষয় এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তার ভাষ্য, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য এখনো প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়নি। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে কার সঙ্গে কার্যকর আলোচনা হবে, সেটিও একটি বড় প্রশ্ন বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে চীন, ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি জাতিসংঘকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
তিনি আরও বলেন, সাময়িকভাবে আন্তর্জাতিক মহল মানবিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের উৎপাদনমুখী কাজে প্রশিক্ষণ ও জীবিকা অর্জনের সুযোগ দিতে পারে। তার মতে, সীমিত পরিসরে চলাচলের সুযোগ দিয়ে রোহিঙ্গাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া সম্ভব। ভাসানচরে থাকা রোহিঙ্গাদের জীবনযাপন নিয়েও তিনি বক্তব্য দেন এবং সেখানে শিক্ষা ও চলাচলের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে মালয়েশিয়া ও তুরস্কে শরণার্থীদের জন্য নেওয়া বিভিন্ন ব্যবস্থার উদাহরণ তুলে ধরে রোহিঙ্গাদের মানবিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।