September 28, 2026, 11:23 pm

নওগাঁয় দ্বিতীয় দিনেও বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

জালাল হোসেন

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে টানা দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও একটি বাসের চালক-সহকারীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধরের অভিযোগ ওঠে সিএনজিচালকদের বিরুদ্ধে। আহত রুবেলকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, বাস চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং অভিযোগটি তদন্ত করা হচ্ছে।



ফেসবুক কর্নার