September 29, 2026, 5:09 pm

আবু সাঈদের বাড়ি ও কবরস্থানে কোটি টাকা

অভয়নগর প্রতিবেদক

শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তাঁর বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের মাধ্যমে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিকভাবে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং এ কাজের জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আবু সাঈদের আত্মত্যাগ তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উত্তরাঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন সরকারি কর্মসূচি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে রংপুর জেলা স্টেডিয়ামের নাম ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করার আগ্রহের কথাও জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার