
সময়ের পরিবর্তনের সঙ্গে আধুনিক মানুষের জীবনযাপন, প্রেম ও বৈবাহিক সম্পর্কের ধরনেও এসেছে পরিবর্তন। ব্যক্তিগত স্বাধীনতা, প্রেম ও সম্পর্ক নিয়ে নতুন প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি খোলামেলা। আধুনিক সম্পর্কের বৈচিত্র্য ও পরিবর্তনশীলতা নিয়ে এবার নিজের মতামত জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক কিরণ রাও।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি গল্প পরিচালনা নিয়ে সাক্ষাৎকারে আধুনিক প্রেম ও সম্পর্কের ধরন নিয়ে কথা বলেন কিরণ। তার মতে, আগের প্রজন্মের তুলনায় বর্তমান তরুণ-তরুণীরা নিজেদের ইচ্ছা, অনুভূতি ও চাওয়া-পাওয়া প্রকাশে বেশি স্বাধীন। একই সঙ্গে নিজেদের পছন্দ অনুযায়ী সঙ্গী বা সম্পর্কের ধরন বেছে নেওয়ার মানসিক সাহসও তাদের মধ্যে বেড়েছে বলে মনে করেন তিনি।
বিয়ের আগে সম্পর্কের সামাজিক গ্রহণযোগ্যতা নিয়েও কথা বলেন কিরণ। তার ভাষ্য, তাদের সময়ে সামাজিক প্রত্যাশার নির্দিষ্ট সীমারেখা ছিল। বিয়ের আগে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোকে সমাজ সহজভাবে নিত না। এমনকি বৈবাহিক সম্পর্কের বাইরে অন্য কারও সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়াকেও তখন কঠিনভাবে দেখা হতো।