
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাবুল আক্তার (৩৫) নামে এক আদম ব্যবসায়ীকে হাত-পা বেঁধে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল ওই ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদ আলীর ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন এবং পাশাপাশি বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির ও কটাসহ কয়েকজন ‘কথা আছে’ বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে কলমোগাড়া এলাকায় নিয়ে তার হাত-পা বেঁধে মারধর করে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বাবুল আক্তার এলাকার এক যুবককে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে ওই যুবক যুদ্ধে মারা যাওয়ার পর দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও বিরোধের জের থেকে যায়। ওই বিরোধের সূত্র ধরে যুবকের স্বজন বা সহযোগীদের পক্ষ থেকে বাবুলকে ডেকে নিয়ে মারধর করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।