
দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। বিভিন্ন বিশেষ দিনে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের একসঙ্গে ছবি ও ভিডিও নিয়মিত দেখা যায়। তবে সম্পর্ক দীর্ঘ হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি।
সম্প্রতি নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন অভিনেত্রী। চলতি বছরের শেষ দিকে বনি সেনগুপ্তের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়। কৌশানি জানান, সম্পর্কের পরিণতি বিয়ে হলেও বর্তমানে তিনি যেভাবে আছেন, তাতেই ভালো আছেন। শুধু বয়স বা ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কারণে বিয়ের সিদ্ধান্ত নিতে চান না তিনি।
কৌশানি বলেন, যখন তিনি নিজেকে বিয়ের জন্য প্রস্তুত মনে করবেন, তখনই বিয়ে করবেন। পরিবারেও বিষয়টি নিয়ে মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান তিনি। বিশেষ করে তার বাবা মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান, তবে মেয়ের আপত্তির কারণে অনেক সময় আর কথা বাড়ান না। চলতি বছরের শেষ দিকে বিয়ের গুঞ্জন থাকলেও আপাতত সেই সম্ভাবনা নাকচ করেছেন কৌশানি।