October 6, 2026, 4:31 am

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

রায়হান কাজী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনায় মো. ইয়াছিন আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুরনই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী ওই গ্রামের মৃত গরিবউল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিম (১৮), পিতা রহিদুলের ছাগল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে ইয়াছিন আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে মিম বৃদ্ধকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আত্রাই থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার