October 7, 2026, 9:15 pm

খেলতে গিয়ে ঘোরাঘুরি নয়, দায়িত্বশীল হতে হবে খেলোয়াড়দের

অভয়নগর প্রতিবেদক

এশিয়ান গেমসে বাংলাদেশের দুর্বল পারফরম্যান্স ও খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠার পর কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও দায়িত্বশীল হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ ধারণায় উজ্জীবিত থাকতে হবে।
এশিয়ান গেমসে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। আগামী পাঁচ বছর পর ফলাফল পাওয়ার লক্ষ্য নিয়ে ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদি অনুশীলন শুরু হবে। একই সঙ্গে খেলোয়াড়দের জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান তিনি। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক পেয়েছে।
আসন্ন প্যারা এশিয়ান গেমসে আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়ায় ১২ জন বাংলাদেশি অ্যাথলেট অংশ নেবেন। ইতোমধ্যে তাদের ৭০ দিনের নিবিড় অনুশীলন সম্পন্ন হয়েছে। অ্যাথলেটিকসের চৈতী রাণী ও আর্চারির ঝুমা আক্তারকে ঘিরে পদকের প্রত্যাশা রয়েছে। সহায়ক সদস্য ও কোচসহ মোট ৩২ সদস্যের বাংলাদেশ দল গেমসে অংশ নেবে।



ফেসবুক কর্নার