
ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশের প্রত্যাশা নয়, তবে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে কি না, সেটিই প্রশ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী পাওয়ার কথা থাকলেও গত পাঁচ দশকে তা নিশ্চিত হয়নি। ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু আগের চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তিতে অভিন্ন নদীগুলোর যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। গঙ্গা ও তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টনে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে চুক্তির দাবি জানান তিনি।
আবরার ফাহাদের চেতনাকে সমুন্নত রাখতে ভারত-বাংলাদেশ সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনঃস্থাপনের আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, শুধু বোয়িং বিমান কেনা নয়, আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে হওয়া সব আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা করার দাবি জানান তিনি। একই সঙ্গে সব আইনি প্রক্রিয়া শেষে আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান এনসিপির আহ্বায়ক।