
বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখতে জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সবাই পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব উদ্যাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জামায়াতের আমির আরও বলেন, দেশের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সব ধর্মের মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানান তিনি।