October 19, 2026, 6:32 pm

চাকরির সাক্ষাৎকারে নারীকে প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

অভয়নগর প্রতিবেদক

 

চাকরির সাক্ষাৎকারে পারিবারিক পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখে পড়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন ভারতের শাতাক্ষী দ্বিবেদী নামের এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, বিবাহিত জানার পর মানবসম্পদ বিভাগের (এইচআর) এক প্রতিনিধি তাঁকে জিজ্ঞেস করেন, তিনি শিগগিরই সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন কি না। দ্বিবেদীর ভাষ্য অনুযায়ী, চাকরির সাক্ষাৎকারে তাঁকে করা সবচেয়ে অনুপযুক্ত প্রশ্নগুলোর একটি ছিল এটি।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দ্বিবেদী জানান, সাক্ষাৎকারের শুরুতে তাঁর বাসস্থান ও অফিসে যাতায়াতের সুবিধা নিয়ে আলোচনা হয়। যাতায়াতে সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, তাঁর স্বামীও একই এলাকায় যাতায়াত করেন, তাই তাঁর সঙ্গে যাতায়াত করতে পারবেন। এরপর এইচআর প্রতিনিধি জানতে চান, তিনি শিগগিরই সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন কি না। এমন প্রশ্নে হতবাক হয়ে যান দ্বিবেদী। তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বক্তব্যের সঙ্গে তাদের নিয়োগপ্রক্রিয়ার অসামঞ্জস্য নিয়েও প্রশ্ন তোলেন। তবে সাক্ষাৎকারটি কোন প্রতিষ্ঠানে হয়েছিল, তা প্রকাশ করেননি তিনি।

দ্বিবেদীর অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ব্যবহারকারী চাকরির সাক্ষাৎকারে বিয়ে, সন্তান ও পারিবারিক পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন। কেউ জানিয়েছেন, অবিবাহিত নারীদের বিয়ের পরিকল্পনা এবং বিবাহিত নারীদের সন্তান নেওয়া নিয়ে প্রশ্ন করা হয়। আবার সন্তান থাকলে কাজ ও সন্তান সামলানোর বিষয়েও জানতে চাওয়া হয়। অনেকে এমন প্রশ্নকে নারীদের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে দ্বিবেদীর প্রতি সহমর্মিতা জানিয়েছেন।



ফেসবুক কর্নার