October 21, 2026, 8:56 am

টাইগারকে হামলার পর সালমানকে ক্ষমা চাওয়ার হুমকি

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর অভিনেতা সালমান খানকে নতুন করে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। ‘দ্য ওয়াল’-এর প্রতিবেদন অনুযায়ী, একটি অডিও বার্তায় সালমানকে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁকে ও তাঁর ঘনিষ্ঠজনদের রেহাই দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর মুম্বাইয়ে সালমানের বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি অডিও বার্তায় দাবি করেছেন, সালমান ক্ষমা চাইলে তাঁদের আর কোনো শত্রুতা থাকবে না। একই সঙ্গে সালমানের সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিদের ও তাঁদের পরিবারের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে। সালমান কেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাশে দাঁড়াননি, সে প্রশ্নও তোলেন ওই ব্যক্তি। ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারকে কেন্দ্র করে সালমানের সঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের বিরোধের সূত্রপাত। এরপর থেকে তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে, মুম্বাইয়ের জুহু এলাকায় রোববার সন্ধ্যায় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রাজস্থানের কোটা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন হরিয়ানার রেহান রহিসউদ্দীন ও ফুল সিংহ এবং বিহারের হৃতিক মাহতো। তদন্তের জন্য তাঁদের মুম্বাইয়ে আনা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা টাইগারের গাড়ি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। এতে গাড়িচালক ও কাছাকাছি থাকা এক অটোরিকশাচালক আহত হন। ঘটনায় জুহু থানায় মামলা হয়েছে এবং তদন্তে মুম্বাই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের ১৫টি বিশেষ দল কাজ করছে।



ফেসবুক কর্নার