October 27, 2026, 2:50 pm

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবরের বদলে ৩১ অক্টোবর

অভয়নগর প্রতিবেদক

 

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। এর আগে শিক্ষা বোর্ডগুলো ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব পাঠালে ২৯ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ১১টি বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষাকেন্দ্র ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৩৯টি।



ফেসবুক কর্নার