
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতার মধ্যে আলোচনায় এসেছেন তাওহীদ হৃদয়। দুই ইনিংসেই একই ধরনের ভুল শটে উইকেট হারান তিনি। তবে সতীর্থের সমালোচনার মধ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ইনিংসে থিতু হওয়ার পর স্লগ খেলতে গিয়ে বোল্ড হন হৃদয়। দ্বিতীয় ইনিংসেও সতর্ক ব্যাটিংয়ের পরিবর্তে দ্বিতীয় বলেই বিলাসী শট খেলতে গিয়ে মিড-অনে ক্যাচ দেন। শান্তর বিশ্বাস, হৃদয় দ্রুত নিজের ভুল থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
শান্ত বলেন, চার ইনিংস দিয়ে কোনো ব্যাটসম্যানকে বিচার করা উচিত নয়। হৃদয়ের সামর্থ্য ও ব্যাটিং দক্ষতার ওপর তাঁর আস্থা রয়েছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে হৃদয় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অধিনায়কের ভাষ্য, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে হৃদয় এখন পর্যন্ত মাত্র চার ইনিংস খেলেছেন। তিনি বিশ্বাস করেন, ভুল শুধরে হৃদয় ঘুরে দাঁড়াবেন এবং ভবিষ্যতে বড় রান করবেন।