November 2, 2026, 10:49 am

গার্মেন্টসের অস্থিরতা উদ্বেগজনক, দ্রুত পদক্ষেপ চান জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

 

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ খাত টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কালক্ষেপণের সুযোগ নেই।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল বা কমে যাওয়ায় পোশাকশিল্প সংকটে পড়েছে। অন্যদিকে বাড়িভাড়া, নিত্যপণ্যের মূল্য, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বৃদ্ধিতে শ্রমিকদের জীবনও কঠিন হয়ে উঠেছে।

ডা. শফিকুর রহমান বলেন, শিল্পটি টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনের গতি বাড়াতে হবে। তিনি বলেন, ‘শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে।’ শিল্প উদ্যোক্তা ও শ্রমিকদের সুরক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম ও দায়িত্বশীল আচরণের অনুরোধ করেন। তাঁর সতর্কবার্তা, এ ক্ষেত্রে ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও সংকটের মুখে ঠেলে দিতে পারে।



ফেসবুক কর্নার