November 2, 2026, 10:50 am

পানির ন্যায্য হিস্যা না পেলে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদের

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ট্রানজিট ও করিডোর বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে ভারতের সঙ্গে সমঝোতা করেই বিএনপি ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীতে এনসিপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, তরুণদের রক্তের বিনিময়ে দেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। তবে বর্তমান সরকার সেই পরিবর্তনকে কেবল ক্ষমতার পালাবদল হিসেবে দেখতে চেয়েছে বলে মন্তব্য করেন তিনি। গত সাত মাসে তরুণদের জন্য সরকার কী করেছে, তা মূল্যায়নের আহ্বান জানান। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং দেশের স্বার্থে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘যদি নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি পানি না আসে, তাহলে কোনো করিডোর হবে না, ট্রানজিট হবে না।’ দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় জোটে কোনো দূরত্ব তৈরি হয়নি; বরং তারা আরও কাছাকাছি রয়েছে। পাশাপাশি নিজস্ব রাজনৈতিক অবস্থান নিয়ে মাঠে থাকার কথাও জানান তিনি।



ফেসবুক কর্নার