November 2, 2026, 9:12 pm

রাহুলকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি হিমন্তের

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রোববার (১ নভেম্বর) হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় রাহুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আসামে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’

অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে হিমন্ত এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশিদের ভারতে কোনো জায়গা নেই। রাহুলের বাংলাদেশিদের প্রতি এত দরদ থাকলে তাঁকে বাংলাদেশে গিয়ে নির্বাচন করার পরামর্শ দেন। এ সময় রাহুলকে আসামে আমন্ত্রণ জানিয়ে হিমন্ত বলেন, তিনি ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মিলে তাঁর প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।

কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন আসামের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কংগ্রেস আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। এর আগে রোববার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। তাঁকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন তিনি। রাহুলের বক্তব্যের পরই বিজেপির পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়।



ফেসবুক কর্নার