
গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক তৌফিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জামায়াত আমির।
শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিতে হবে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত যৌক্তিক সমাধানে পৌঁছানো প্রয়োজন। তিনি বলেন, শিল্প খাত দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে থাকার কথা জানিয়ে তিনি বলেন, শিল্প বেঁচে থাকলে শ্রমিকও বেঁচে থাকবেন। মালিকদের শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সুযোগসন্ধানীরা যেন অস্থিরতা তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ক্ষয়ক্ষতি ও অস্থিরতা এড়াতে দ্রুত দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেন তিনি।