
আজ ১২ নভেম্বর। বাংলাদেশের উপকূলীয় মানুষের ইতিহাসে শোকাবহ একটি দিন। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়। মুহূর্তের মধ্যে প্রাণ হারান লাখো মানুষ। স্বজন হারানোর কান্না, ধ্বংসস্তূপ আর বেঁচে থাকার সংগ্রামে বদলে যায় অসংখ্য পরিবারের জীবন। বিশ্ব ইতিহাসে ‘ভোলা সাইক্লোন’ নামে পরিচিত ওই ঘূর্ণিঝড়ে সরকারি হিসাবে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়। তবে বিভিন্ন আন্তর্জাতিক ও ঐতিহাসিক সূত্রে মৃতের সংখ্যা কয়েক লাখ থেকে প্রায় ১০ লাখ পর্যন্ত উল্লেখ করা হয়েছে। ১৯৭০ সালের ৭ নভেম্বর উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড়টি ১২ নভেম্বর রাতে উপকূলে আঘাত হানে এবং ১৩ নভেম্বর বিলুপ্ত হয়। ভোলার তজুমদ্দিন, মনপুরা, দৌলতখান, চরফ্যাশন, হাতিয়া, রামগতি, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামসহ বিস্তীর্ণ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
দীর্ঘ ৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াল রাতের স্মৃতি আজও বহন করছেন বেঁচে থাকা মানুষ ও তাঁদের পরিবার। ঘূর্ণিঝড়ের পর ত্রাণ কার্যক্রমে অব্যবস্থাপনা ও অপ্রতুলতার অভিযোগ ওঠে। খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের সংকটে পড়েন বিপর্যস্ত মানুষ। তৎকালীন পাকিস্তান সরকারের ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা হয়। ঘূর্ণিঝড়-পরবর্তী অবহেলা ও বৈষম্যের অভিযোগ পূর্ব বাংলার মানুষের ক্ষোভ বাড়িয়ে তোলে এবং রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলে। ১৯৭০ সালের ১২ নভেম্বরের নিহতদের স্মরণ, উপকূলের সংকট-সম্ভাবনা তুলে ধরা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ২০১৭ সাল থেকে দিনটি উপকূল দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও দিবসটি এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। উপকূলের মানুষ, সাংবাদিক, সামাজিক সংগঠন ও পরিবেশকর্মীরা মনে করেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে উপকূলের সমস্যা ও সম্ভাবনা জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে আরও গুরুত্ব পাবে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ, কৃষি ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ হলেও এখানকার মানুষ প্রতিনিয়ত নানা সংকটে রয়েছেন। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা, সুপেয় পানির সংকট ও কৃষিজমির ক্ষয় জনজীবনকে ঝুঁকির মুখে ফেলছে। টেকসই বেড়িবাঁধ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কবার্তা, নিরাপদ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। দুর্যোগের পর ত্রাণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে হবে। উপকূল দিবস কেবল অতীতের শোক স্মরণের দিন নয়; এটি উপকূলের মানুষের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও উন্নয়নের দাবি তুলে ধরার উপলক্ষ। ১৯৭০ সালের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপদ ও বাসযোগ্য উপকূল গড়ে তোলার পাশাপাশি দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।