
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে বাড়ির সদস্যরা এসব সামগ্রী দেখতে পান। ভুক্তভোগীরা হলেন বাচ্চু মালিথা (৩০) ও মনিরুজ্জামান মনি (৪০)। চিরকুটে তাঁদের উদ্দেশে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি কপালে দুঃখ আছে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত ব্যক্তিরা বাচ্চু মালিথার বাড়ির প্রধান ফটকের সামনে এবং মনিরুজ্জামান মনির বাড়ির আঙিনায় পৃথক দুটি লাল শপিং ব্যাগ রেখে যায়। বুধবার সকালে ব্যাগ দুটি খুলে কাফনের কাপড়সহ আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট পাওয়া যায়। বাচ্চু মালিথার জিডি নম্বর ৬৮৪ এবং মনিরুজ্জামানের জিডি নম্বর ৬৬৩। উভয় জিডি ১১ নভেম্বর ২০২৬ তারিখে দৌলতপুর থানায় নথিভুক্ত করা হয়েছে। মনি ডাক্তার জানান, সকালে রান্নাঘরের পাশে এসব সামগ্রী দেখতে পান। কে বা কারা রেখেছে, তা তিনি জানেন না।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, একই গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রাখার ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীদের জিডি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। একই রাতে একই ধরনের সামগ্রী রেখে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী দুই ব্যক্তি ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।