
সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার এই গ্যাস কিনছে।
এলপিজির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এলপিজি আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।