
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার আশা করা হচ্ছে। এ ছাড়া রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন। শুক্রবার নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভা উপলক্ষে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, ব্যক্তিত্ব ও দেশ-জাতির প্রতি অবদান নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ১২০০ থেকে ১৫০০ শব্দের মৌলিক ও তথ্যনির্ভর লেখা আহ্বান করা হয়েছে। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠাতে হবে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই প্রকাশ করা হবে।
এ ছাড়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে তাঁর জীবন, রাজনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশের ইতিহাসে অবদান তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।