
সিরিশ কাগজ কেলেঙ্কারির আট বছর পর নতুন করে বিতর্কে জড়িয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট। উসমান খাজার আত্মজীবনীতে ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় দলের আরও অনেকের জানাশোনা ছিল বলে দাবি করা হয়েছে। এর জবাবে সিডনিতে এক ঘণ্টা আট মিনিটের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স খাজার অভিযোগকে ‘পুরোপুরি উদ্ভট’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, মাঠে সিরিশ কাগজ ব্যবহারের বিষয়ে তিনি কিছুই জানতেন না।
কামিন্স বলেন, খাজা যদি বোঝাতে চান যে মাঠে সিরিশ কাগজ ব্যবহারের বিষয়টি দলের সবাই জানতেন, তাহলে তিনি শতভাগ ভুল। গত আট বছর ধরে একই কথা বলে আসছেন বলেও জানান তিনি। খাজার এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে কামিন্স বলেন, এটি তাঁর পরিচিত উসমান খাজার বক্তব্যের সঙ্গে মেলে না। বন্ধুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, খাজা তাঁর জীবন, অন্যদের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন।
বল বিকৃতির পেছনে কোনো দলীয় পরিকল্পনা ছিল না বলেও দাবি করেন কামিন্স। তাঁর ভাষ্য, সিরিশ কাগজ ব্যবহারের বিষয়ে বোলারদের মধ্যে কোনো বৈঠক বা গোপন পরিকল্পনা হয়নি। তবে ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলের আচরণ নিয়ে আত্মসমালোচনা করে তিনি স্বীকার করেন, তখন দলের মধ্যে ঔদ্ধত্য ও আক্রমণাত্মক আচরণ ছিল। খাজার অভিযোগের কিছু অংশ সত্য হতে পারে বলেও উল্লেখ করেন কামিন্স, তবে কেলেঙ্কারিতে দলের সবার জড়িত থাকার দাবি মানতে নারাজ তিনি।