
ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার পুরোনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি পরীমনিকে নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বলেন, শিল্পীদের সবসময় গোছানো জীবনযাপন করা উচিত। তাঁর এ মন্তব্যের পর ফেসবুক লাইভে এসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের পার্থক্য তুলে ধরেন পরীমনি। এরপর অপুকে ইঙ্গিত করে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলে কটাক্ষ করেন তিনি।
এবার একটি অনুষ্ঠানে পরীমনির নাম উল্লেখ না করেই জবাব দিয়েছেন অপু বিশ্বাস। পরীমনির চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, পাঁচটি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’ অপু বিশ্বাসের এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা পোস্ট দিয়েছেন পরীমনিও। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেন তিনি।
দুই অভিনেত্রীর পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। শোবিজ অঙ্গনের অনেকেই কাজের বাইরে তারকাদের এমন প্রকাশ্য বিবাদ নিয়ে সমালোচনা করছেন। তাদের মতে, এ ধরনের বিরোধের মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতিও আলোচনায় আসছে।