
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখা। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে নেতাকর্মীরা জড়ো হন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বলফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল-যশোর মহাসড়ক, বেনাপোল বাজার ও বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বেনাপোল বাজারের বড় মসজিদসংলগ্ন জামায়াতের অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
শার্শা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে এবং বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম এবং শার্শা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির ও মেয়র পদপ্রার্থী রেজাউল ইসলাম এবং শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। কর্মসূচিকে কেন্দ্র করে বেনাপোলের রাজপথে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর পরিবেশের সৃষ্টি হয়।