
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভাসানীর ৫০তম ওফাত দিবস উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এ আহ্বান জানান। রাশেদ প্রধান বলেন, বাংলাদেশের রাজনীতিকরা নিজেদের স্বার্থে ভাসানীকে ব্যবহার করলেও তাঁর আদর্শ ধারণ করেননি। জনতার কথা বললেও তাঁরা এখন ক্ষমতার পেছনে ছুটছেন।
ভাসানীকে স্বাধীন বাংলার প্রকৃত স্বপ্নদ্রষ্টা আখ্যা দিয়ে তিনি বলেন, দুই পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে ভাসানী প্রথম প্রতিবাদ করেছিলেন এবং স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে নিজের নিরাপত্তার কথা বিবেচনায় পাকিস্তানে আশ্রয় নেওয়া বা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেননি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে শেখ মুজিবের পরিবর্তে ভাসানীকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান রাশেদ প্রধান।
ভাসানীর ওফাত দিবস রাষ্ট্রীয়ভাবে যথাযথ গুরুত্ব দিয়ে পালন না করায় সরকারের সমালোচনা করেন জাগপা মুখপাত্র। তিনি বলেন, বিএনপি সরকারের উচিত ছিল দিবসটি ব্যাপক আয়োজনে পালন করা। এ সময় মাজারে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।