
বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্কে বরাবরই আলোচনায় অভিনেত্রী অনন্যা পান্ডে। অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে হওয়ায় ক্যারিয়ারের শুরু থেকেই এ বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে বাবার পরিচয় নিয়ে কোনো নেতিবাচক ধারণা পোষণ করেন না অনন্যা। বরং চাঙ্কি পান্ডের মেয়ে হতে পেরে গর্বিত বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে স্বজনপ্রীতি বিতর্ক নিয়ে কথা বলেন অভিনেত্রী।
অনন্যা বলেন, নিজের পারিবারিক পরিচয় অস্বীকার করার কোনো কারণ দেখেন না তিনি। তাঁর ভাষায়, ‘আমি বাবার মেয়ে হতে পেরে খুব গর্বিত। চাঙ্কি পান্ডের সঙ্গে আমার পরিচয় কখনোই মুছে ফেলতে চাই না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি নিজের স্বপ্নের জীবন কাটানোর সুযোগ পেয়েছি। আমি ভাগ্যবান, সুযোগ-সুবিধাপ্রাপ্ত।’ একই অনুষ্ঠানে জেনারেশন জি বা জেন জি সম্পর্কে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন তিনি। তাঁর মতে, আগের প্রজন্মের তুলনায় বর্তমান প্রজন্মের কাছে সাফল্যের সংজ্ঞা কিছুটা আলাদা।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘চাঁদ মেরা দিল’ সিনেমায়। করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন লক্ষ্য লালওয়ানি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সামনে ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় মৌসুমে দেখা যাবে অনন্যাকে।