
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঘটনার পরপরই ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, দু-তিনজন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনের দরজার জানালা ফাঁক করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না।
তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আমিনুর রহমান চৌধুরী জানান, বিষয়টি তিনি রাতেই টহল দায়িত্বে থাকা পুলিশ বিটের এসআই বাবুকে জানিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জিডি করবেন এবং পরে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে এবং নাশকতা বা অগ্নিসন্ত্রাস ঠেকাতে পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী এবং সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল। তাঁরা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।